সম্প্রতি টি–টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন 
সাকিব আল হাসান


সাকিব আল হাসানের পরিচয় দুটি। প্রথমত তিনি ক্রিকেটার, বলা ভালো বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। দ্বিতীয়ত, তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। গত ৭ জানুয়ারির নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব।

কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হারিয়ে যায় সাকিবের সংসদ সদস্য পরিচয়। সাকিব এখন আবার শুধুই একজন ক্রিকেটার। কিন্তু সাকিব নিজেও কি সে রকমই ভাবেন?


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে হলে সেই ভাবনাই পরিষ্কার করে জানাতে হবে সাকিবকে। আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই বার্তাই দিয়েছেন তাঁর উদ্দেশে।